কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম। একই সঙ্গে তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি ‘কুচক্রী মহল’ তার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তবে এতে তিনি পিঁছু হটবেন না।
বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
স্ট্যাটাসে বিএনপির নেতা শাহদাত হোসেন সেলিম বলেন, “এআই (AI) দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে আমার সম্মান নষ্ট করার হাজারও চেষ্টা চলছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমার এলাকার সাধারণ মানুষ অন্ধ নন—তারা ভালো করেই বোঝেন কোনটা সত্য আর কোনটা সাজানো চক্রান্ত!”
তিনি আরও বলেন, “মাদকের বিষাক্ত থাবা থেকে আমাদের তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য কথা বলেছি বলেই আজ এই কুচক্রী মহল আমার পেছনে মিথ্যাচার করছে। কিন্তু আমাকে স্তব্ধ করা যাবে না। আমার এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের উৎখাত না করা পর্যন্ত আমি একচুলও পিঁছু হটবো না।
রামগঞ্জকে মাদকমুক্ত করতে আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমৃত্যু লড়াই করে যাবেন বলেও উল্লেখ করেন বিএনপি নেতা সেলিম।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, তার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। তিনি শুধু মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা চান।
তার ভাষ্য, “আমার লড়াইটা একার লড়াই নয়, এই লড়াই আমাদের সন্তানদের ভবিষ্যতের লড়াই। এই লড়াইয়ে আপনাদের পাশে চাই। কারণ এই যুদ্ধে আমাদের জিততেই হবে।”
এএইচআর/এসএম
