দেশের বিভিন্ন অঞ্চলে চলমান অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে সেগুনবাগিচা পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ আহ্বান জানান।
জলাবদ্ধ মানুষদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে।
আগামী কয়েক দিনে এসব এলাকায় পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সাইফুল হক বলেন, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে ইতোমধ্যে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। অনেক এলাকায় এখনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি এবং হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ ও অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি আরও বলেন, হাওর অঞ্চলের নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জেও অতিবৃষ্টি ও আগাম বন্যার কারণে পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। এসব এলাকার লাখো মানুষ মানবিক সংকটে পড়েছেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে। পাশাপাশি জলাবদ্ধ ও বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
এএইচআর/এমএন
