বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ঢাকার সব আসনে জামায়াতে ইসলামী বিজয়ী হলেও ‘পরিকল্পিতভাবে’ তাদের সেই বিজয় কেড়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) কোতোয়ালি দক্ষিণ থানা ইউনিটের দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বুলবুল বলেন, হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিল। এ কারণে জনগণ দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে ভোট দিয়েছিল। কিন্তু ভোট জালিয়াতির মাধ্যমে জামায়াতকে মূলধারায় আসতে দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্রের মাধ্যমে দলটিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজে জামায়াতে ইসলামীর কর্মীদের মানবিক নেতৃত্বের যে পরিচিতি রয়েছে, তা ধরে রাখতে হবে। দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব একটি আমানত। দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং জনগণের সেবায় নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, আমিরে জামায়াতের বক্তব্য ও আদর্শের প্রতিফলন নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে থাকতে হবে। মানুষ যাতে একজন কর্মীর মধ্যে জামায়াতে ইসলামীকে খুঁজে পায়, সেভাবে কাজ করতে হবে।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, দেশে ইসলামী আন্দোলনের দাবিদার অনেক সংগঠন থাকলেও জামায়াতে ইসলামীই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জামায়াত কখনও কাদা ছোড়াছুড়ির রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না।
কোতোয়ালি দক্ষিণ থানা আমির মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান প্রমুখ।
ওএফএ/এমএন
