বিজ্ঞাপন

ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতের

ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতের

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে ত্রাণ বিতরণ ও পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

বিবৃতিতে নেতারা বলেন, টানা অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড়ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অসংখ্য মানুষ ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।

তারা হেফাজতে ইসলামের নেতাকর্মী, আলেম-ওলামা এবং দেশের সামর্থ্যবান মানুষের প্রতি পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া এবং পানিবন্দি মানুষকে উদ্ধারে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে সরকারকে আরও সক্রিয় হওয়ার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এ সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করা সবার কর্তব্য। একই সঙ্গে আল্লাহর রহমত কামনায় বেশি বেশি ইস্তিগফার ও তওবা করারও আহ্বান জানান হেফাজত নেতারা।

এমআর/আরএফ