বিজ্ঞাপন

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে সেদিনই তার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। তিনি ছাত্রশিবিরকে নিজের ‘আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন’ উল্লেখ করে লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো এই সংগঠনের সঙ্গেই কেটেছে।

তিনি লেখেন, ছাত্রশিবির তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রেখেছে। একইসঙ্গে আত্মিক ও আধ্যাত্মিক বিকাশের পথনির্দেশনাও দিয়েছে।

পেছনের দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি লেখেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সান্নিধ্য তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে তাদের কাছ থেকে শিখেছেন এবং অনুপ্রাণিত হয়েছেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক কবুল করা হোক এবং ভবিষ্যতে নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে সংগঠনটি যেন ভূমিকা রাখতে পারে ও যোগ্য নেতৃত্ব লাভ করে।

এমএল/জেডএস

বিজ্ঞাপন