চট্টগ্রামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং পূর্ব ঘোষণা দিয়ে হামলার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, দেশি-বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেওয়া এবং পূর্ব ঘোষণা দিয়ে হামলার মতো ঘটনা কোনো স্বাভাবিক রাষ্ট্রে কল্পনা করা যায় না। এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার বহিঃপ্রকাশ।
গাজী আতাউর রহমান বলেন, দেশে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে। এর অন্যতম কারণ আইনশৃঙ্খলার অবনতি ও নিরাপত্তাহীনতা। সরকারের দায়িত্ব নেওয়ার চার মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। বরং ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা সামনে আসছে।
তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেয়ে আইনের ব্যাখ্যা দিতেই বেশি ব্যস্ত। তার ভাষ্য, আইন ব্যাখ্যার প্রয়োজন হলে তাকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষ ও নিবেদিতপ্রাণ কাউকে দায়িত্ব দেওয়া উচিত।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, বিপুল ভোটে নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেওয়ার চার মাস পরও যদি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে বা বাহিনীকে সক্রিয় করতে ব্যর্থ হয়, তবে তা সরকারের সামগ্রিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তাই সরকারের উচিত আইনশৃঙ্খলা খাতে দৃশ্যমান সাফল্য নিশ্চিত করা।
তিনি চট্টগ্রামের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জেইউ/এসএএস
