বিজ্ঞাপন

এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ করল বিএনপি

এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ করল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

শনিবার (১৮ জুলাই) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়ে তাকে এ শোকজ করা হয়।

দলীয় সূত্র জানায়, স্থানীয় পাট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্প্রতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে শোকজ নোটিশ জারি করেছে বিএনপি। 

২০২৪ সালে ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

এবারের চিঠিতে সেই প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, ‘৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে আপনাকে গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বহিষ্কার করা হয়েছিল। কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করার পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক উক্ত বহিষ্কারাদেশ গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে প্রত্যাহার করে আপনার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি ও আপনার ঘনিষ্ঠ লোকজন আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, 'আপনার বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কার্যকলাপের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এএইচআর/বিআরইউ

বিজ্ঞাপন