বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো শরিক রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন তিনি।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে শরিকদের বৈঠকে প্রায় দুই শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠক শেষে নৈশভোজের আয়োজন রয়েছে।
বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে অনেক দলের অসন্তুষ্টি রয়ে গেছে। সেই বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে এবং যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে করণীয় বিষয়েও নেতারা কথা বলবেন বলেও সূত্রটি জানিয়েছে।
এএইচআর/এসএএস
