বিজ্ঞাপন

নূরুল ইসলাম বুলবুল

গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়

গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই দেশকে আমরা বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংবিধান এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। কিন্তু সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধন করতে চায়। স্বাধীনতা পরবর্তী প্রতিটি সরকার সংবিধান সংশোধন করেছে, কিন্তু জনগণের কোনো লাভ হয়নি। সরকার নিজের প্রয়োজনে সংবিধান সংশোধন করে থাকে। অতীতের মতোই বর্তমান সরকার নিজের স্বার্থে সংবিধান সংশোধন করতে চাচ্ছে। কিন্তু জনগণের স্বার্থে সংবিধান সংস্কার করতে চাইছে না। কারণ সংবিধান সংস্কার হলে সরকার দলীয়করণ করতে পারবে না।  

নূরুল ইসলাম বুলবুল এমপি আরও বলেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই অর্ডারে একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও বিএনপি একটিকে বৈধ আরেকটিকে অবৈধ দাবি করছে! তিনি বলেন, জাতীয় নির্বাচন বৈধ হলে গণভোট অবৈধ হতে পারে না। জনগণকে বিভ্রান্ত না করে গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

মহানগরীর মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন– যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমির নওশাদ আলম ফারুক, শ্যামপুর থানা আমির মাওলানা জাকির হুসাইন, কদমতলী পূর্ব থানা আমির ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কদমতলী উত্তর থানা আমির মাওলানা জুনায়েদ প্রমুখ।

এমএসআই/বিআরইউ

বিজ্ঞাপন