বিজ্ঞাপন

‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু : সেলিম উদ্দিন

‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু : সেলিম উদ্দিন

‘জোর যার মুলুক তার’ নীতিতে সবকিছু চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার (২৯ জুলাই) রাজধানী বাড্ডার স্থানীয় একটি মিলনায়তনে বাড্ডা থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় ও এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মূলত, কুয়ার ময়লা অপসারণ না করে শুধু পানি অপসারণ করার কারণেই দেশে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রাজনীতিতে অসৎ নেতৃত্বের কারণেই আমরা রাষ্ট্রের কল্যাণকামীতা থেকে বঞ্চিত হয়েছি। তাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে অসৎ নেতৃত্ব রাজনীতি থেকে ঝাটিয়ে তাড়াতে হবে। অন্যথায় আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। 

ভোগবাদী রাজনীতি দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়, তাই সংশ্লিষ্টদের এ অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী অতিক্রান্ত এবং বারবার সরকার পরিবর্তন হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। সব সরকারই জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বললেও তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট থেকেছে। দেশের আইনের শাসনের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছে স্বেচ্ছা তন্ত্র। দেশকে পরিণত করা হয়েছে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অপহরণ, গুপ্তহত্যা, টেন্ডারবাজি ও চাঁদাবাজিসহ অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে।

তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে নগর প্রশাসনের দায়িত্ব না থাকায় নগরীর কোনো সমস্যার সমাধান হচ্ছে না। বরং যতই দিন যাচ্ছে সার্বিক পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। পুরো নগরীই এখন অপরিচ্ছন্ন ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পানিবদ্ধতা নগর জীবনকে রীতিমতো দুর্বিষহ করে তুলেছে।

সেলিম উদ্দিন বলেন, বর্জ্য ব্যবস্থাপনাও সেকেলে। পয়ঃনিষ্কাশনে নেই আধুনিকতার ছোঁয়া। মশক নিধনে নেই কার্যকর পদক্ষেপ। নগরীর যোগাযোগ ও গণপরিবহনও জনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডিএনসিসি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

থানা আমির মাসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

এমএসআই/জেআই