বিজ্ঞাপন

আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের

আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের

নির্বাচন কমিশন সচিবালয়ে রাজনৈতিক দল হিসেবে নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের অডিটকৃত লেনদেনের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির হিসাব অনুযায়ী, গত বছরে দলটির আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ কিছুটা বেশি ছিল। তবে বছরের শেষে সমাপনী স্থিতি হিসেবে মোট ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা সংরক্ষিত রয়েছে।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিবের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেয় জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, বছরের (২০২৫) শুরুতে জামায়াতে ইসলামীর প্রারম্ভিক জের ছিল ১৫ কোটি ৭৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা। পরবর্তীতে দলটি বিভিন্ন খাত থেকে মোট আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। এতে প্রারম্ভিক জের ও প্রাপ্ত আয় মিলিয়ে জামায়াতের মোট ফান্ডের পরিমাণ দাঁড়ায় ৩৯ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৩৬২ টাকা।

একই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও আনুষঙ্গিক পরিচালন খাতে জামায়াতে ইসলামীর মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। যা ওই বছরের অর্জিত মোট আয়ের চেয়ে ২৩ লাখ ৬২ লাখ ৭৯৫ টাকা বেশি।

তবে বছর শেষে প্রারম্ভিক জেরে রক্ষিত অর্থের সুবাদে দলটির সার্বিক আর্থিক স্থিতি ইতিবাচক রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সমাপনি স্থিতি হিসেবে বর্তমানে দলটির হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং বিভিন্ন ব্যাংকে গচ্ছিত আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা। অর্থাৎ নগদ ও ব্যাংক মিলিয়ে দলটির মোট সমাপনি স্থিতির পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা।

এসআর/এনএফ

বিজ্ঞাপন