হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানি, হুমকি ও অপপ্রচারের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছে সংগঠনটির ঢাকা মহানগর শাখা। সংগঠনটির নেতারা বলছেন, নোয়াখালীসহ কয়েকটি জেলায় পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড প্রদক্ষিণ করে।
মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, সম্প্রতি নোয়াখালীতে একটি ওয়াজ মাহফিলে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে এবং সংগঠনটিকে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে। গত এক মাস ধরে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় মসজিদভিত্তিক বক্তব্য ও লিফলেট বিতরণের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তারা আরও বলেন, স্থানীয় প্রশাসনের তৎপরতায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।
নেতারা বলেন, হেযবুত তওহীদ ইসলাম ধর্মের মৌলিক আকিদা ও বিশ্বাসে আস্থাশীল এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির প্রকাশিত বইয়ের আংশিক উদ্ধৃতি ব্যবহার করে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান ও এস এম সামসুল হুদা, ঢাকা মহানগর ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন এবং যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।
এমএইচএন/এমএন
