বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন পাটওয়ারী

আইনের শাসন নিশ্চিত করে আহত, শহীদ পরিবার ও দেশের মানুষের নিরাপত্তা দিন

আইনের শাসন নিশ্চিত করে আহত, শহীদ পরিবার ও দেশের মানুষের নিরাপত্তা দিন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এস আলমের পেছনে ঘুরাঘুরি না করে আহতদের নিরাপত্তা নিশ্চিত করুন। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে, তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে; অথচ আহতদের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম দেখতে চাই না। আইনের শাসন নিশ্চিত করে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীতে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীরী বলেন, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের পুনর্বাসন, হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূরণ হয়নি। অনেক আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্য এখনও ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। অন্যথায় জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারের অবস্থানের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে।

পুলিশ ও প্রশাসনের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এনসিপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় সহিংসতা ও অপরাধ দমনে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। এর ফলে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা এখনও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে চলাফেরা করছেন এবং আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছেন। একই সঙ্গে অর্থের বিনিময়ে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা পরিচয় দেওয়ার পরও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সহযোগিতা পান না। এ ধরনের আচরণ বন্ধে সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তা দেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন, গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এমএল/এমএন