দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলে রাতেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে রাজধানীতে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ রাত সাড়ে ৮টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়া, একই দিন রাত ৯টায় পুরানা পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত হামলার অভিযোগ, সংগঠনের অবস্থান এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে বলে জানিয়েছে ছাত্রশিবির।
উল্লেখ্য যে, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রসংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তার, কর্মসূচি পালন এবং সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে একাধিক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় ছাত্রশিবির, ছাত্রদল ও অন্যান্য ছাত্রসংগঠন একে অপরের বিরুদ্ধে হামলা, বাধা প্রদান এবং রাজনৈতিক কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করে আসছে।
গতরাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কর্মসূচিতে ছাত্রদলের হামলার পর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ ও উত্তেজনা শুরু হয়।
যদিও ছাত্রশিবিরের আনা হামলার অভিযোগের বিষয়ে ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জেইউ/এমএন
