বিজ্ঞাপন

ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতা মহিউদ্দিন

‘আপনাকে দুইবার বদলি করা হয়েছে, আমরা রাখার জন্য সুপারিশ করেছি’

‘আপনাকে দুইবার বদলি করা হয়েছে, আমরা রাখার জন্য সুপারিশ করেছি’

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে উদ্দেশ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ. মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, আপনাকে দুইবার বদলি করা হয়েছে, আমরা সুপারিশ করেছি আপনাকে রাখার জন্য।

বুধবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের ফটকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আনন্দ র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।

এ সংক্রান্ত একটি ভিডিও বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন মসজিদের ইমাম-মোয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের ভাতা দেওয়ার জন্য একটি কমিটি করেছে। ওই কমিটিতে আমাদের কাউকে তো রাখা হয়নি। যাকে রাখা হয়েছে, তিনি তো একটা দলের আমির। ওনি (ইউএনও) কি ওনার কাছ থেকে টাকা নিয়েছে? নাকি হুমকির কারণে রেখেছেন, এটা জবাবদিহি করতে হবে। এ কমিটি বাতিল করতে হবে। যদি এই কমিটি বাতিল না হয়, আগামী পরশু প্রধানমন্ত্রী আসার আগে এ উপজেলায় তার (ইউএনও) বিরুদ্ধে মানববন্ধন করা হবে। 

অধ্যাপক শেখ. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ফ্যামিলি কার্ড তো তারেক রহমানের প্রতিশ্রুতি। যাদেরকে আপনারা সুপারভাইজার এবং (তথ্য সংগ্রহকারী) হিসেবে রেখেছেন, এখানে তো প্রেসক্রাইব করা। কেউ তথ্য-উপাত্ত লুকানোর কোন সুযোগ নাই। কিন্তু এ কাজটা শতভাগ কেন জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের দেওয়া হয়নি? এটা কেন ভাগ করা হয়েছে? এটারও জবাব দিতে হবে আপনাকে। এখানে দেখি আওয়ামী লীগের দোসরদেরও নাম লেখা হয়েছে। এটার জবাবদিহি আপনাকে অবশ্যই করতে হবে। প্রাইমারি স্কুলের কমিটি হবে, তাদের বদলি ও তাদের শিক্ষা ব্যবস্থার কি ধরনের কমিটি করেন সেটাও দেখব।

তিনি বলেন, আপনারা তো এখন টিএনও হয়েছেন, আগামীকাল এডিসি হবেন, পরশু ডিসি হবেন। তখনও আমরা যারা দল করি, আমাদের কাছ থেকে আপনাদের বিষয়ে জানবে। তখন কি আমরা বলব, আপনি একটি দলের লোক। আপনি তো প্রশাসনের লোক হবেন, আপনি একটি দলের লোক হতে গিয়েছেন কেন? এটা আপনাকে জবাবদিহি করতে হবে।

এ বিষয়ে জানতে অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা তো রাজনীতি করি। রাজনৈতিক নেতারা অনেক ধরনের বক্তব্য রাখবে, এটা নিয়ে কি নিউজ করতে হবে? একজন রাজনীতিবিদ হিসেবে আমরা চাই যে এলাকার উন্নয়ন হোক। তবে এ বিষয়ে আমি কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয়।

প্রসঙ্গত, গত (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

এ ছাড়া গত (২৩ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বদলি করা হলেও তিনি যোগদান করেননি।

এমআর/বিআরইউ