বিজ্ঞাপন

শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান

শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান

সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী লীগের নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করার আহ্বান জানান।

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পতিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার যে নীতি নিয়েছে, তা দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতি বয়ে আনবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেওয়ার পরিণতি ভারতকে বহন করতে হবে।

তিনি বলেন, সরকারকে শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী লীগের নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করতে হবে। কারণ মিথ্যা প্রচারণায় আওয়ামী লীগের পারদর্শিতা প্রমাণিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। বিচারের গতি স্লথ করা যাবে না। দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। অন্যথায় দেশে ফেরার ঘোষণা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ বারবার নেবে শেখ হাসিনা।

তিনি বলেন, সেই রাস্তা বন্ধ করতে দ্রুত ও ব্যাপকতার সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কাজেও গতি আনতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা যাবে।

জেইউ/আরএফ