বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক

বিএনপি দেশের স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে, দলের জন্য নয়

বিএনপি দেশের স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে, দলের জন্য নয়

বিএনপির আন্দোলন শুধু দলটির জন্য নয়, দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম। 

শনিবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মুসলিম লীগ ৫১তম পুনর্গঠন দিবস উপলক্ষে "জুলাই গণ অভ্যুত্থান প্রেক্ষাপটে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অপরিহার্যতা শীর্ষক আলোচনা তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনতেই তাঁদের আন্দোলন।দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম চলছে। বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, আবার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তা ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর এখন গণতান্ত্রিক পথে চলার একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ ধরে রাখতে হবে।

আবদুস সালাম বলেন, দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। এবারও সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, তরুণ, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। কোনো একক দল বা ব্যক্তির কারণে এই পরিবর্তন আসেনি, বরং সবার অংশগ্রহণেই তা সম্ভব হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেও পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। ওই নির্বাচনে জনগণ সরকারের কাজের মূল্যায়ন করবে। সরকার ভালো কাজ করতে না পারলে জনগণ বিএনপির বিরুদ্ধেও রায় দিতে পারে।

এএসএস/বিআরইউ