বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কাছে হেফাজত নেতার দুই দাবি

ইসলামবিরোধী আইন নয়, ফটিকছড়িতে মেডিকেল কলেজ চায় হেফাজত

ইসলামবিরোধী আইন নয়, ফটিকছড়িতে মেডিকেল কলেজ চায় হেফাজত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন সংগঠনটির নেতারা। এ সাক্ষাতে ইসলামের বিরুদ্ধে কোনো আইন না করার এবং চট্টগ্রামে আরও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ হুসাইন মুহাম্মদ ইসলামাবাদী।

রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে এসব কথা বলেন তিনি।

শেখ হুসাইন মুহাম্মদ ইসলামাবাদী বলেন, প্রধানমন্ত্রী আমাদের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন এতে আমরা খুবই খুশি। প্রধানমন্ত্রী আমাদের মেহমান হিসেবে আসছেন। তাই আমাদের কোনো রাজনৈতিক দাবি থাকবে না। তবে ইসলাম ও দেশের স্বার্থে দুটি বিষয় তুলে ধরব।

তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে কোনো আইন যেন সংসদে পাস না হয় এটি আমাদের প্রথম দাবি। ইসলামের মৌলিক মূল্যবোধ ও কোরআন-হাদিসের পরিপন্থি কোনো আইন প্রণয়ন না করার বিষয়ে আমরা সরকারের সহযোগিতা চাই।

দ্বিতীয় দাবির বিষয়ে তিনি বলেন, ফটিকছড়িতে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) আদলে বা এর আওতায় আরও একটি বড় ও আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানাব। চট্টগ্রামের মানুষের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের জন্য এটি প্রয়োজন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হেফাজতের অন্য নেতাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সাক্ষাৎকালে সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন। তবে কর্মসূচির বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি বা সরকারের সঙ্গে হেফাজতে ইসলামের কোনো জোটের আলোচনা হবে কি না এমন প্রশ্নের জবাবে ইসলামাবাদী বলেন, এটি কোনো জোটের আলোচনা নয়। মাদ্রাসা ও আলেম-ওলামাদের সঙ্গে সরকারের যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের জায়গা থেকে আলোচনা হবে। ভবিষ্যতের জন্য কীভাবে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, দেশ ও ইসলামের স্বার্থে আমরা সবসময় সরকারের সহযোগিতা করতে চাই। তবে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হলে আমরা তার প্রতিবাদ করব এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তুলব।

প্রধানমন্ত্রী ও হেফাজতে ইসলামের আমিরের এ সাক্ষাৎ দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এমআর/আরএফ