বিজ্ঞাপন

সিরাজগঞ্জে জামায়াত আমির

মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে

মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে

গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের আয় না বাড়িয়ে সরকারের দায়ভার সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, মানুষের আয়-ইনকাম বাড়ছে না, মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা তো চলতে পারে না।

সোমবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

ডা. শফিকুর রহমান বলেন, গ্যাসের দাম বাড়িয়ে বলা হলো, এই বৃদ্ধি কেবল আগস্ট মাসের জন্য। এর অর্থ দাঁড়ায়, সেপ্টেম্বর মাসে দাম আরও একবার বাড়ার জন্য সাধারণ মানুষকে প্রস্তুত থাকতে হবে। এভাবে যদি প্রতি মাসেই দাম বাড়তে থাকে, তবে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। অথচ মাত্র দুই-তিন মাস আগেই সিলিন্ডারপ্রতি গ্যাসের দাম ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

তিনি বলেন,  মানুষের আয়-ইনকাম না বাড়লেও বারবার গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

জ্বালানি ও বিভিন্ন সেবা খাতের বিষয়ে জামায়াত আমির বলেন, আমরা শুনছি গ্যাস, তেল এগুলো সব প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে। এগুলো নগদ অর্থের বিনিময়ে দেওয়া হবে বলে আমরা আশঙ্কা করছি। তখন যারা প্রাইভেট সেক্টরে নেবে, তারা জনগণকে আরও বড় জিম্মি করে রাখবে। তখন আমাদের কান্নাকাটি করারও কোনো জায়গা খুঁজে পাব না। সরকার তাদের দায় এখন জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা খুবই শঙ্কিত।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রত্যাশার আলোকেও দেশ চলছে না। পরিস্থিতি তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আসলে দেশের সার্বিক পরিস্থিতিকে ভালো বলা যাবে না। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি।

তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে কোনো শৃঙ্খলা নেই। শেয়ারমার্কেট মাটির সঙ্গে পড়ে আছে, উঠে দাঁড়াচ্ছে না। আমি বিশ্বাস করি আপনারা (সাংবাদিক) বলতেও পারেন না, লিখতেও পারেন না। একটা অঘোষিত সেন্সরশিপ আরোপ করে রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামসহ অনেকে।

নাজমুল হাসান/এমএসএ