প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি জবাবটা দিন।
এরপর সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, মানে, ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইনড হয় এবং এখনও অ্যালাইনড থাকেন, সে ৫ তারিখেও তো তার বক্তব্যও এসেছে।
সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার তাকে নিরাপত্তা দেবে জানিয়ে তিনি বলেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে!
তিনি আরও বলেন, উনি আসবেন এবং উনার যা যা অভিযোগ আছে, উনি নিরাপত্তার মাধ্যমেই ফেস করবেন এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না।
এ সময় সাকিবের বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। মানে যে মানুষটা স্টিল হাসিনার সঙ্গে অ্যালাইনড হয়ে কথা বলে।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন বিচারালয়ে আসবেন, আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার তার পূর্ণ অধিকার ভোগ করবেন। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।
এসএইচআর/জেআই
