বিজ্ঞাপন

‘যতদিন গণতান্ত্রিক ধারা থাকবে, ততদিন খালেদা জিয়ার নাম উচ্চারিত হবে’

‘যতদিন গণতান্ত্রিক ধারা থাকবে, ততদিন খালেদা জিয়ার নাম উচ্চারিত হবে’

বাংলাদেশে যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, ততদিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উচ্চারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার সমগ্র জীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন এবং তার আপসহীন মনোভাবই দেশে জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছিল।

শনিবার (১৫ আগস্ট) আজিমপুরের হযরত ইবনে মাসউদ (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, আলেম-ওলামা ও এতিম শিশুদের প্রতি বেগম খালেদা জিয়ার সবসময় বিশেষ সম্মান ও ভালোবাসা ছিল। পবিত্র রমজানে তিনি প্রথম ইফতার এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে করার চেষ্টা করতেন। তার সেই ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী  তারেক রহমানও বজায় রেখেছেন। তার সরকারের আমলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের উন্নয়ন ও আধুনিকায়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বেগম খালেদা জিয়া তা এগিয়ে নিয়েছেন। সেই ধারাবাহিকতা রক্ষা করে বর্তমান প্রধানমন্ত্রীও দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন। নারী শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে বেগম খালেদা জিয়ার অবদানের সুফল বাংলাদেশ এখনো ভোগ করছে।

অনুষ্ঠানে জিয়াউর রহমান, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।

এএইচআর/এমএসএ