বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির নতুন চার সদস্য– রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় তাদের সঙ্গে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে এই চার নেতা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট দলের চেয়ারম্যান তারেক রহমান এই চার নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন।

এ বিষয়ে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপির প্রত্যাশা, এই চার নেতা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

এএএম/বিআরইউ