বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন

কলকাতায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ভারত সরকার

কলকাতায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ভারত সরকার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটি বলছে, ভারত সরকার কলকাতায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে কলকাতার নাগরিক সেবাখাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক বলেন, কলকাতার সেবাখাত অনেকাংশে বাংলাদেশের ওপরে নির্ভরশীল। কিন্তু ভারত সরকার সেবাখাতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় ঝুঁকি নিয়েই সেবাখাত গড়ে উঠেছে যার জন্য আজকে বাংলাদেশের নয়জনকে জীবন দিতে হলো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম-মহাসচিব এই শোক ও উদ্বেগ প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, স্বজনদের কাছে হতাহতদের মরদেহ পৌঁছানোর দায়িত্ব ভারত-বাংলাদেশ দুই সরকারকে নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আক্ষেপ করে বলেন, জানা যাচ্ছে তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ৫৫ বছর ধরে স্বাধীন একটা দেশের নাগরিকদের চিকিৎসার মতো মৌলিক সেবা নিতে পাশের দেশে যাওয়া আমাদের জন্য হতাশার। এটা আমাদের চিকিৎসাখাতের ব্যর্থতার প্রতীক। স্বাধীনতার পরে যারাই সরকার পরিচালনা করেছে তাদের সবাইকে এর দায় বহন করতে হবে।

শাহ ইফতেখার তারিক বলেন, বাংলাদেশের নাগরিকদের কোনো দেশে যাওয়ার অনুমতি প্রদানের আগে সেখানকার নিরাপত্তা নিয়ে প্রাথমিক খোঁজ-খবর নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। কলকাতার সেবাখাতের ভঙ্গুরদশা নিয়ে সরকার নাগরিকদের কোনো ধরনের সতর্কবার্তা দিয়েছে বলে আমরা জানি না। ফলে এই মৃত্যুর জন্য বাংলাদেশ সরকারের নৈতিক দায় রয়েছে।

জেইউ/এমএন