রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
একই সঙ্গে রাষ্ট্রপতি হিসেবে দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশা জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ প্রত্যাশা জানান।
অভিনন্দন বার্তায় তারা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এটি দেশের সাংবিধানিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় অধ্যায়।
এবি পার্টির নেতারা বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা নতুন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী দলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকেও ধন্যবাদ জানান এবি পার্টির নেতারা।
তারা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ও রীতি মেনে একজন সিনিয়র রাজনীতিক হিসেবে অলি আহমদ যে সৌজন্য ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন, তা দেশের গণতান্ত্রিক পথচলাকে সুসংহত করবে।
অভিনন্দন বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন- এটাই জনগণের প্রত্যাশা। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিক বহুত্ববাদের চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি দৃঢ় নেতৃত্ব দেবেন বলে আশা করছে এবি পার্টি।
নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা, নিরপেক্ষতা ও ঐতিহ্য সমুন্নত রেখে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন বলে তারা প্রত্যাশা করেন।
এবি পার্টির নেতারা আরও বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞাবান ও দায়িত্বশীল নেতৃত্ব রাষ্ট্রকে আরও স্থিতিশীল, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।
বিবৃতিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।
জেইউ/বিআরইউ
