বিজ্ঞাপন

বুলবুল হত্যায় সরকারের পদক্ষেপ না দেখলে গোটা দেশে কর্মসূচির হুঁশিয়ারি

বুলবুল হত্যায় সরকারের পদক্ষেপ না দেখলে গোটা দেশে কর্মসূচির হুঁশিয়ারি

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতা বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে সরকারের দ্রুত পদক্ষেপ না দেখলে গোটা দেশে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করা হয়নি। সরকার দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল আহমেদ (৩৫) শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।

শুক্রবার (২১ আগস্ট) এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সমাবেশ শেষে রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গত রাতে আমাদের ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন জুলাই যোদ্ধাকে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। মামলা করার পরও জীবন বাঁচাতে পারেনি পুলিশ। মানুষ রাস্তায় নামার পর পুলিশ বলেছে, গ্রেপ্তার করার চেষ্টা করছে। এর আগে কিছু করেনি। হত্যার পর গ্রেপ্তারের নামে লুকোচুরি শুরু করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে গাজী আতাউর রহমান বলেন, ছয় মাসেও আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হয়নি। গত ৬ মাসে সরকার ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কথা বলার কারণেই বুলবুলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার প্রশ্ন, ‘তাহলে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না?’

তিনি বলেন, এই সরকার ছয় মাসে ব্যর্থ হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে শুনেছি, তারা চিহ্নিত সন্ত্রাসী। কাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের নাম প্রকাশ করতে হবে। লোক দেখানো গ্রেপ্তার করলে হবে না, শাস্তি নিশ্চিত করতে হবে।

বুলবুল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী, তাদের গ্রেপ্তার করুন। গ্রেপ্তার শুধু লোক দেখানো হলে হবে না। গ্রেপ্তারের পর তাদের যাতে শাস্তি হয়, দ্রুত সেই ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদকে তাড়িয়েছি চাঁদাবাজদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়, সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়।

নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী আন্দোলন জোরদারের ঘোষণা দিয়ে গাজী আতাউর রহমান জানান, ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও সাধারণ মানুষকে নিয়ে তারা অবস্থান নিয়েছেন। সন্ত্রাসীদের কোনো দল নেই উল্লেখ করে তিনি নারায়ণগঞ্জবাসীকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, শুধু নারায়ণগঞ্জ নয়, গোটা বাংলাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।

সরকার ও প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে গাজী আতাউর রহমান বলেন, বুলবুল হত্যাকাণ্ডে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে সারা দেশে কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, ‘আজকে যদি আমরা সরকারের ত্বরিত অ্যাকশন না দেখি, তাহলে গোটা বাংলাদেশে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব।’

বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের হয়রানি বন্ধেরও দাবি জানান তিনি। একই সঙ্গে দেশের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সঠিকভাবে দেশ পরিচালনার আহ্বান জানান।

বক্তব্যের শেষে বুলবুল আহমেদের রুহের মাগফিরাত কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান তিনি।

এদিকে বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এমএসি/এসএএস