সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রকাশের পর বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্তটি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই কার্যকর হয়েছে।
এতে জানানো হয়, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বিএনপি মিডিয়া সেল কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি প্রতিষ্ঠানের পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা এবং অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থি হিসেবে বিবেচিত হয়েছে।
এ অবস্থায়, মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ২৪ আগস্ট থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়, অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব কিংবা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।
এএএম/এসএম
