বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘গাঁজাখোর জোন’

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘গাঁজাখোর জোন’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকার আশপাশ মাদক সেবন ও কেনাবেচার হাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হয় ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন।’

সোমবার (২৪ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন শাহবাগ থানার ‘তৃণমূল দায়িত্বশীল মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শাহবাগ থানার সভাপতি আবদুর রহমান।

মাওলানা কে এম শরীয়াতুল্লাহ বলেন, ঢাকা মেডিকেল কলেজ দেশের আপামর মানুষের আস্থার জায়গা। সারা দেশ থেকে মানুষ উন্নত চিকিৎসার জন্য এখানে ছুটে আসে। অথচ এখানকার সিস্টেম ও পরিবেশ দুটিই অনুন্নত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদক ও নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করছেন। অথচ রাজধানীর হৃদপিণ্ডে মাদক কারবারিদের আস্থার জায়গা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ কি এসব অপকর্ম চোখে দেখে না? মাদক, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদকদ্রব্যের সেবন ও কেনাবেচার হাব হচ্ছে ঢাকা মেডিকেল এলাকা। আমরা এগুলো নিয়ে আগেও বলেছি, এখনো বলছি। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, দেশের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে আধুনিকায়ন করতে হবে। আধুনিক যুগেও বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে, যা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। চিকিৎসাব্যবস্থায় আমূল পরিবর্তন জরুরি। তা না হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন। থানা সেক্রেটারি হাজী কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এমএল/এসএএস