বিজ্ঞাপন

হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিচালিত হবে

বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিচালিত হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিচালিত হবে। জামায়াতের প্রতি জনগণের সমর্থনে ঈর্ষান্বিত হয়ে অতীতের মতো অনেকেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তবে তাদের কোনো ষড়যন্ত্র আর চক্রান্তে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যাবে না। 

বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ার্ড সভাপতি - সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের বিপুল সমর্থনে জামায়াতে ইসলামী সংসদে এবং রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল হিসেবে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার রয়েছে। দেশ ও জাতির স্বার্থের পরিপন্থি কোনো কাজে জামায়াতে ইসলামী আপস করেনি, করবে না। জামায়াতে ইসলামী সংসদের বিরোধীদল হিসেবে জনগণের দাবি পূরণে সংসদে চেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকার জনগণের দাবি উপেক্ষা করলে রাজপথে আন্দোলনের মাধ্যেমে জনগণের সেই দাবি আদায় করা হবে। 

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে ভিত্তি মজবুতের মাধ্যমে জামায়াতে ইসলামী তৃণমূলকে শক্তিশালী করে তুলছে। তৃণমুল হচ্ছে একটি আদর্শ সংগঠনের ভিত্তি। যাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারে না, পারবে না। 

তিনি উপস্থিত ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের উদ্দেশ্যে বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা টু চট্রগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

এজন্য অতীতের মতো ভূমিকা রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। 

এমএসআই/এমএসএ 

বিজ্ঞাপন