বিজ্ঞাপন

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রা করবে গুম প্রতিরোধ জাতীয় কমিটি

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রা করবে গুম প্রতিরোধ জাতীয় কমিটি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আগামী ৩০ আগস্ট জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটর থেকে পদযাত্রা শুরু হবে। পরে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি অডিটোরিয়ামে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির সদস্য মিরাজ খান বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশে গুমের ঘটনা ঘটেছে। মানুষ ঘরে-বাইরে কোথাও নিরাপদ ছিল না। রাষ্ট্রীয় বাহিনী পরিচয়ে অনেক মানুষকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরে বন্দী রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। আবার অনেককে গুমের পর হত্যা করা হয়েছে।

তিনি বলেন, গুম করে হত্যার পর বহু মানুষের মরদেহ সাগরে ফেলে দেওয়ার মতো নির্মম ঘটনাও ঘটেছে। এসব ঘটনা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে হবে।

মিরাজ খান বলেন, ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হলে দেশে গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য গুম বন্ধে কঠোর আইন প্রণয়নসহ প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হবে।

তিনি জানান, আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হবে।

দলমত নির্বিশেষে আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে অনুষ্ঠিতব্য পদযাত্রায় দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি।

জেইউ/বিআরইউ

বিজ্ঞাপন