সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের স্বাক্ষর ও যোগদানের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ লেবার পার্টি।
আজ (শুক্রবার) বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হতে হবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা আপত্তির কারণে বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
তিনি বলেন, মক্কা চুক্তি যদি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, সার্বভৌমত্বের সুরক্ষা এবং মুসলিম দেশগুলোর কৌশলগত সহযোগিতা জোরদার করে, তাহলে বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করায় লেবার পার্টি তা স্বাগত জানায়।
লেবার পার্টির মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ কারও শত্রু নয়, আবার কারও অধীনস্থও নয়। ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করা সম্ভব। বন্ধুত্ব সবার সঙ্গে, জাতীয় স্বার্থ সবার আগে- এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হওয়া উচিত।
তিনি বলেন, মক্কা চুক্তিকে কেন্দ্র করে অযথা বিভাজন সৃষ্টি না করে এর শর্ত ও বাংলাদেশের স্বার্থ বিশ্লেষণ করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
লেবার পার্টির মুখপাত্র বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। কোনো বিদেশি শক্তির প্রভাব নয়, বাংলাদেশের জনগণের স্বার্থই হবে আমাদের সিদ্ধান্তের একমাত্র মানদণ্ড। তিনি মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে সরকারের প্রতি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জেইউ/এমএন
