বিজ্ঞাপন

লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত

লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর শাখা জামায়াতের নেতারা।

সোমবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনারের কার্যালয়ে মহানগর শাখার সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী জনসাধারণের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জামায়াত নেতারা সমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে সিএমপির পক্ষে কমিশনার হাসান মো. শওকত আলী ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতারা দাবি করেন, মতবিনিময়ে সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎ শেষে ৫ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

এমআর/জেডএস

বিজ্ঞাপন