বিজ্ঞাপন

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের দাবি ‘তথ্য নেই’

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের দাবি ‘তথ্য নেই’

চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফতেয়াবাদ এলাকায় মহাসড়কে শতাধিক নেতাকর্মী মিছিল করেন বলে জানা গেছে। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জানা গেছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের নেতা সজিব উদ্দীন। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মিছিলে থাকা ব্যানারে জুলাইয়ের গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিও দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের কিছুক্ষণ পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে একদল যুবক মিছিল শুরু করেন। পরে মিছিলটি হাটহাজারী থেকে চট্টগ্রাম শহরের দিকে চলে যায়। কিছুদূর যাওয়ার পর তারা দ্রুত সড়ক থেকে সটকে পড়ে। মিছিলের কিছু ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার কোনো তথ্য আমাদের কাছে নেই।

আরএমএন/এমএন