অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মানুষের ঘরে হারিকেন-মোমবাতি ফিরে এসেছে, লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। বিদ্যুৎ নেই, গ্যাস নেই অথচ সবকিছুর দাম বেড়েছে। এভাবে পিছনে যেতে যেতে বাংলাদেশ প্রস্তর যুগে চলে যেতে পারে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১১ দলীয় জোটের লং মার্চ শেষে চট্টগ্রামের লালদীঘির সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, এই সরকার গঠনের পর থেকে মূল সমস্যায় হাত না দিয়ে ইতোমধ্যে ব্যর্থ হওয়া বিভিন্ন পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারা খাল খনন করতে গেলেও সেখানে প্রতিদিন দুর্নীতির অভিযোগ আসছে। বিভিন্ন জায়গায় খাল খনন না করেই অর্থ নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার প্রথমে বলেছিল ১০-১২টি কার্ড দেবে। এখন আবার বলছে, একটি কার্ড দিয়ে এসব সুবিধা দেওয়া হবে। অথচ আমার বাসায় বিদ্যুৎ নেই। কার্ড দিয়ে কী করব?
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কার্ড দিলে জনগণ গ্যাস পাবে, বিদ্যুৎ পাবে, সেই ধরনের কার্ড দেন। মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে।
আসিফ মাহমুদ আরও বলেন, কিছুদিন আগে সরকার বলেছে, ছয় মাসে আড়াই কোটি বৃক্ষরোপণ করা হয়েছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, আড়াই কোটি কি ধানগাছ লাগানো হয়েছে? কারণ বৃক্ষ তো আমরা দেখছি না।
তিনি আরও বলেন, একটু আগে খবর দেখলাম, ইন্টারনেটের দাম বাড়ানো হবে। আবার এর গতিও কমে যাবে। এভাবে পিছনে ফিরে যেতে যেতে আমরা মনে হয় প্রস্তর যুগে চলে যেতে পারি।
আরএমএন/বিআরইউ
