বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কোনোটি পূরণ করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, শুধু দুই-একটি কার্ড বিতরণ করা ছাড়া সরকার জনগণের জন্য কিছুই করেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস ও তেলের সংকটে দেশের মানুষ শান্তিতে নেই।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছয় দফা দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম লং মার্চে চট্টগ্রাম লালদীঘি ময়দানে যোগদানের আগে সীতাকুণ্ড পৌর সদরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় ডা. শফিকুর রহমান ছাড়া ১১ দলীয় জোটের অন্য কোনো নেতা বক্তব্য দেননি। বক্তব্য শেষে লংমার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষের মৌলিক কোনো সমস্যার সমাধান করতে পারেনি সরকার। এখন দেশের টাকা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পকেটে যাচ্ছে। দেশের স্বার্থে এসব পকেট বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম বেইমানি করেছে জুলাই যোদ্ধাদের সঙ্গে। ক্ষমতায় আসার আগে তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। যে জুলাই সনদকে সামনে রেখে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ তারা সেই সনদকে অস্বীকার করছে।
জামায়াতের আমির বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় আমরা ছেড়ে দেবো না। এই দাবি আদায় করে ছাড়ব। লংমার্চকে সফল করতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পড়েছে। লং মার্চ ঘিরে লাখ লাখ মানুষের সমাগমের একটি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যের বন্দরে আমাদের জাহাজ ভিড়ে গেছে।
এমআর/এসএম
