ক্ষমতায় গিয়ে বন্ধুরা আগের প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম কোনো ক্যাম্পাসে হল দখল হবে না, নির্যাতন হবে না, কোনো নারী নির্যাতনের শিকার হবেন না। কিন্তু বন্ধুরা ক্ষমতায় যাওয়ার পর সবকিছু ভুলে গেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন মুজিবুর রহমান মঞ্জু।
মঞ্জু বলেন, আজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়ে আমাদের লং মার্চকে স্বাগত জানিয়েছে। লং মার্চে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে।
এ সময় এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর হাত তুলে ধরে মঞ্জু বলেন, এটা আরেকজন ওসমান হাদির ফটোকপি। তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা প্রত্যেকে ওসমান হাদি হয়ে যাবেন।
বিএনপির ৩১ দফা প্রসঙ্গে মঞ্জু বলেন, আজ তিনি একটি ভুল করেছেন। চ্যাটজিপিটিতে গিয়ে বিএনপির ৩১ দফা লিখেছিলেন। সেখানে চ্যাটজিপিটি তাকে একটি তথ্য দিয়েছে—ছয় মাসে বিএনপি তাদের নিজেদের ৩১ জন নেতা-কর্মীকে হত্যা করেছে।
তিনি বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম, কোনো ক্যাম্পাসে হল দখল হবে না, কোনো ক্যাম্পাসে নির্যাতন হবে না, কোনো নারী নির্যাতনের শিকার হবেন না। আমরা আরও স্বপ্ন দেখেছিলাম, বন্ধুরা যখন ক্ষমতায় যাবেন, তখন তারা তাদের বলা কথাগুলো মনে রাখবেন। কিন্তু বন্ধুরা ক্ষমতায় যাওয়ার পর সবকিছু ভুলে গেছেন।
মঞ্জুর বক্তব্যের সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এসময় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
এমআর/জেডএস
