বিজ্ঞাপন

জনতার বিস্ফোরণের আগে গণদাবি মেনে নিন : হামিদুর রহমান আজাদ

জনতার বিস্ফোরণের আগে গণদাবি মেনে নিন : হামিদুর রহমান আজাদ

জনতার বিস্ফোরণের আগে সরকারের প্রতি গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক এইচ এম হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, গোটা বাংলাদেশ আজ বিস্ফোরণময়। সকাল থেকে লালদীঘি পর্যন্ত জনতার ঢল নেমেছে। এই জনগণ যদি রাস্তায় নামে, ১১ দলের ঐক্যেরও প্রয়োজন হবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিদায় নিশ্চিত করবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের শেষ কর্মসূচির সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, দেশে গ্যাস সংকট নেই এমন বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই। মাতারবাড়ীসহ বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহের অবকাঠামো থাকলেও জনগণ সংকটে রয়েছে।

গত ১৭ জুলাই জ্বালানি খাতের দায়িত্বশীলরা এক সপ্তাহের মধ্যে গ্যাস সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই সংকট কাটেনি। ‘আপনারা ব্যর্থ হয়েছেন’ বলে সরকারের সমালোচনা করেন তিনি।

কৃষি ও জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তেলের দাম ও সরবরাহ সংকটের কারণে কৃষক চাষাবাদ করতে না পারলে এবং সার সংকট অব্যাহত থাকলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। এর ফলে দেশে খাদ্যসংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।

বিদ্যুৎ সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সরকার বলছে দেশে বিদ্যুতের সংকট নেই। অথচ সাধারণ মানুষ বিদ্যুতের সংকট মোকাবিলা করছে এবং বিভিন্ন শিল্পকারখানা বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে।

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের পরিবারের মধ্যেই একদিনে চারজন নিহত হওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে পারেননি। এসময় তিনি সরকারের সংশ্লিষ্টদের ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে সমালোচনা করেন।

দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজি বন্ধের দাবিও জানান হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ‘দুর্নীতিবাজ ও দখলদারি বন্ধ করতে হবে।’ একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মানবাধিকার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই। জনগণ রাস্তায় নামলে তাদের শক্তি আরও বড় আকার ধারণ করবে। তাই জনতার বিস্ফোরণের আগেই গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

এসএম