প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করতে যাবেন না। পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না।’
শনিবার (৫ সেপ্টেম্বর) ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শেষে চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যা নিয়ে আমরা অরাজকতা করছি। স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যা যদি আপনি সমাধান করতে না পারেন, তাহলে সবার আগে জনগণের কাছে তা স্বীকার করুন। স্বীকার করুন, এই সমস্যার সমাধান আপনার একার পক্ষে সম্ভব নয়, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো সঠিক পরিকল্পনা আপনার কাছে নেই।
তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসুন। বিরোধী দল সমর্থন না দিলে আপনার একার পক্ষে দেশ চালানো সম্ভব নয়– এই বাস্তবতা মেনে নিন।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করে দিচ্ছি না, এই পথ আপনারাই তৈরি করছেন। কারণ জনগণকে আপনারা সমাধান দিতে পারছেন না, তাদের হক আদায় করতে পারছেন না। ফলে জনগণ বিকল্প খুঁজছে। আর সেই বিকল্প শক্তি কারা, তা আজকের লং মার্চে বাংলাদেশের জনগণ দেখেছে।
তিনি বলেন, আমরা যেমন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি, একইভাবে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার তৈরি হতে দেব না। তারেক রহমান, আপনি সংকট তৈরি করেছেন। আপনি সংসদ কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করলে সেই পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি তা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বিরোধী দলের সদস্যদের বরাদ্দ দিচ্ছেন না। বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বিএনপির সংরক্ষিত মহিলা এমপিদের দায়িত্ব দিয়েছেন। জনগণের নির্বাচিত এমপিদের কাজ করতে দিচ্ছেন না। দেশের অন্য সব প্রতিষ্ঠানের মতো সংসদকেও একদলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন। সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছেন।
নাহিদ ইসলাম বলেন, সংসদীয় স্বৈরতন্ত্রের মূলহোতা হচ্ছেন আপনাদের চট্টগ্রামের সালাউদ্দিন সাহেব। তিনি একাই সংসদ চালান। তিনি যদি একাই সংসদ চালান, তাহলে বাকি সংসদ সদস্যদের, বিরোধী দলের সংসদে যাওয়ার প্রয়োজন নেই। তিনি যেহেতু সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পেরেছেন, তাহলে বিরোধী দলের দায়িত্বও তিনি পালন করুন। আমরা রাজপথে জনগণের সঙ্গে থাকব।
তিনি আরও বলেন, তারেক রহমান কথা বলা বন্ধ করে দিয়েছেন। কথা বললে মাঝে মাঝে ভুলভাল বের হয়ে যাচ্ছে, তাই সালাহউদ্দিন আহমদকে কথা বলতে দিয়েছেন। কিন্তু সালাহউদ্দিন আহমদের কথা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
‘আমরা এখনো সংসদে আছি। আমরা বলব, সংসদ যদি কার্যকর করেন, সমস্যার সমাধান হয়তো কিছুটা খুঁজে পাবেন। কার্যকর করতে হলে সংবিধান সভা তৈরি করুন। বিরোধী দলকে তাদের যোগ্য জায়গা, উপযুক্ত স্পেস করে দিন এবং এক সঙ্গে মিলে দেশ পরিচালনা করুন।’
সবশেষে প্রধানমন্ত্রীকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, ‘আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করতে যাবেন না। পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না।’
আরএমএন/বিআরইউ
