বিজ্ঞাপন

সফলতার জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই : ছাত্রশিবির সভাপতি

সফলতার জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই : ছাত্রশিবির সভাপতি

সফলতার জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেছেন, জীবনে টিকে থাকার লড়াইয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হলে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার লাভ লীন কনভেনশন হলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে নূরুল ইসলাম বলেন, ‘আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, তা আমাকে শেষ গন্তব্য পর্যন্ত যেতে হবে। সফলতার জন্য অধ্যবসায় দরকার, এছাড়া টিকে থাকা যায় না। অন্ততপক্ষে দুটি বছর সর্বোচ্চ চেষ্টা করে অধ্যবসায় চালিয়ে যাওয়া উচিত। আর কারও ভালো অবস্থা যেন আমাদের হতাশ না করে।’

তিনি বলেন, জীবনে সফল হওয়ার জন্য নির্দিষ্ট একটি পথের ওপর নির্ভর করে থাকার প্রয়োজন নেই। ক্যারিয়ারে অনেক পথ ও সুযোগ রয়েছে। কোনো একটি জায়গায় কাঙ্ক্ষিত সুযোগ না পেলেও হতাশ না হয়ে নতুন করে নিজেকে তৈরি করতে হবে।

ছাত্রশিবির সভাপতি বলেন, ‘ক্যারিয়ারের অনেকগুলো পথ আছে। কোনো এক জায়গায় চান্স না পেলে হতাশ হওয়ার কিছু নেই। নতুন করে নিজেকে তৈরি করতে হবে। তোমার কাছে যখন যে সুযোগ থাকে, তখন তা কাজে লাগানো বুদ্ধিমানের কাজ।’

জীবনের এই পর্যায়ে পাওয়া সম্মান ও অর্জন ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আল্লাহ তায়ালা মানুষকে যে সম্মান দান করেন, তা সর্বোচ্চ পর্যায়ে রক্ষা করার চেষ্টা করতে হবে।

এর আগে অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নূরুল ইসলাম।

তিনি বলেন, ‘তোমরা যারা এ+ পেয়েছ, তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান—তোমরাই আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।’

শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্ব দিয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। তাই অর্জিত জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শিক্ষার্থীদের সাফল্যে অহংকারী না হয়ে বিনয়ী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জীবনের এক পর্যায়ে মানুষ সফল হলে সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল সফল হয়ে অহংকারী হয়ে যায়, আরেকদল সফল হয়ে আরও বেশি বিনয়ী হয়ে যায়।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, তোমরা একদিন অনেক বড় হবে। তোমাদের জীবনে সাফল্য আসবে, তোমরা অনেক দূর এগিয়ে যাবে- এটাই আমাদের প্রত্যাশা। তবে সাফল্য যেন কখনো তোমাদের অহংকারী না করে। যত বড় হবে, তত বেশি বিনয়ী হবে। বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্ব ভুলে যাবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সায়েম। শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

জেইউ/বিআরইউ