জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, মানুষকে আর শুধু ধৈর্য ধরতে বলা যাবে না। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, জ্বালানির নিশ্চয়তা নেই। একই সঙ্গে জননিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, ক্রমবর্ধমান জনদুর্ভোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শুধু সরকার বা শাসক পরিবর্তন করলেই সংকটের স্থায়ী সমাধান হবে না। রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলের পাশাপাশি সংগঠিত সমাজশক্তিকে সিদ্ধান্ত গ্রহণের কাঠামোয় অংশীদার করতে হবে। জনগণ শুধু রাষ্ট্রের সেবাগ্রহীতা নয়, জনগণই রাষ্ট্রক্ষমতার উৎস।
স্বপন বলেন, সৎ, স্বচ্ছ, জনমুখী ও জবাবদিহিমূলক শাসনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় শ্রম-কর্ম-পেশার জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যুৎ ও গ্যাসের অনিশ্চিত সরবরাহ, জ্বালানি সংকট এবং নিরাপত্তাহীনতা মানুষের দৈনন্দিন জীবন, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
তিনি বলেন, মানুষ নিয়মিত বিল ও কর দিচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সেবা ও নিরাপত্তা পাচ্ছে না।
জেএসডির সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেন, মানুষ রাষ্ট্রের কাছে করুণা চাইছে না, তার অধিকার ও প্রাপ্য সেবা চাইছে। কিন্তু সংকট শুধু বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানির নয়; এটি সিদ্ধান্ত গ্রহণেরও সংকট।
তিনি বলেন, যাদের জীবন ও জীবিকা এসব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সেই শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মানুষ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কার্যকরভাবে উপস্থিত নেই।
ঢাকা মহানগর পশ্চিম জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাঈনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দলটির সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এস এম সাছুল আলম নিক্সন প্রমুখ।
এএইচআর/আরএফ
