বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়ায়াছিন ফেরদৌস মুরাদ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আজ (শনিবার) অনুষ্ঠিত শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। পরে শোভাযাত্রাটি ধামরাই উপজেলা চত্বর হয়ে ধামরাই যাত্রাবাড়ী গিয়ে শেষ হয়।
যুবদলের ঢাকা জেলার সভাপতি মুরাদ বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক হানদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেখানে তিনি ক্ষান্ত থাকেননি। জাতির সংকটময় মুহূর্তে সিপাই-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এক দলীয় বাকশাল বিলুপ্ত করে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ফিরিয়ে দিয়েছিলেন গণমাধ্যমের স্বাধীনতা। জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সফলতা পায় বাংলাদেশ। দেশের পক্ষে কাজ করতে গিয়ে দেশি-বিদেশি চক্রান্তে এই মানুষকে শহীদ হতে হয় বলে মন্তব্য করেন ঢাকা জেলা পরিষদ প্রশাসক।
তিনি বলেন, জিয়াউর রহমানের অবর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠার হাল ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৯ বছর লড়াই সংগ্রামের মধ্যদিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। নানা ষড়যন্ত্রের পরও বেগম খালেদা জিয়ার চৌকস নেতৃত্বের কারণে তিনবার বিএনপি দেশের জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা ও মায়ের দেখানো পথে তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেন মুরাদ।
তিনি বলেন, বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় গেছে, তাকে আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিসহ নানা সংকট মোকাবিলা করতে হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিসহ নানা সংকটের মাঝে তারেক রহমানও দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। বাবা-মায়ের মতো তিনিও সফল হবেন এবং তার হাত ধরেই গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ বলে প্রত্যাশা করেন তিনি।
এ সময় ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুটের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অধ্যাপক এম এ জলিল, এনায়েত হোসেন, আব্দুস সালাম, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল প্রমুখ।
এএএম/আরএফ
