বিজ্ঞাপন

সিডনিতে লাল গালিচা সংবর্ধনা পেলেন ইমরুল কায়েস

সিডনিতে লাল গালিচা সংবর্ধনা পেলেন ইমরুল কায়েস

অস্ট্রেলিয়াজুড়ে ক্রিকেটের উন্মাদনা বাড়িয়ে দিতে কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট। এবছরের শুরুতে এ প্লাটফর্মে যুক্ত হন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, এবার হলেন জাতীয় দলের আরেক চেনামুখ ইমরুল কায়েস। সিডনিতে তাকে ঘটা করে বরণ করে নিলেন আয়োজকরা, দিলেন লাল গালিচা সংবর্ধনা।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সিডনির মাঠে বাংলাদেশের হয়ে খেলবেন ইমরুল, বল ব্যাটের অঙ্ক কষছেন, সেইসঙ্গে মাথায় আছে সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হতে হবে তাকে। বেলা গড়াতেই ফোন করে জানিয়ে দিলেন খেলা শেষ করতে দেরি হতে পারে, তবে অনুষ্ঠানে আসবেন তিনি। কথা রাখলেন, দেখালেন পেশাদারিত্ব। হাজির হলেন সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বার গ্রামীণ রেস্তোরাঁয়।

রোববার সন্ধ্যায় এ আয়োজনটি করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের নিউ সাউথ ওয়ালেস রাজ্যের আয়োজক কমিটি।

dhakapost

ইমরুলের উপস্থিতি মুগ্ধ করে সবাইকে। কথায় আছে অপেক্ষার ফল মিষ্টি, যেন তাই হলো। শত ক্লান্তি পেছনে রেখে এ আয়োজনে ইমরুলের পা রাখা প্রমাণ করে তার কমিটমেন্টের জায়গা বেশ দৃঢ়। শুরুতেই ইমরুলের জন্য বিছিয়ে দেওয়া হয় রেড কার্পেট। এ প্রথম ক্রিকেট তথা কোনো বাংলাদেশি তারকাকে লাল গালিচায় সংবর্ধনায় দিতে দেখা যায় অস্ট্রেলিয়ায়।

প্রধান অতিথি ইমরুলের পাশে আসন গ্রহণ করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সাবিনা সুলতানা। ইমরুল কায়েসকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় কাউন্সিলর সাজেদা আক্তার।

তারপর শুরু হয় বড় পর্দায় প্লাটফর্মটির ওপর বিশেষ প্রতিবেদন। এসময় ভিডিও বার্তায় ইমরুল কায়েস ও কমিউনিটি ক্রিকেটের কার্যক্রমকে অভিনন্দন জানান বাংলাদেশ জাতীয় দলের কোচ সালাহ উদ্দিন, ক্রিকেটার জুনায়য়েদ সিদ্দিকী, শরিফুল ইসলাম, শরিফুল্লাহ, মো. রবিন, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট আপন তারিক, গীতিকার ও লেখক অনুরূপ আইচ, বাংলাভিশনের চিফ রিপোর্টার সুজন মাহমুদ, ডিবিসি নিউজের সাংবাদিক ফখরুল ইসলামসহ অন্যান্যরা।

ইমরুল কায়েস জানান, ‘অস্ট্রেলিয়ায় ক্রিকেটের এতো আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমাকে সম্মানিত করার জন্য সবাইকে ধন্যবাদ। ক্রিকেটের সঙ্গে আছি সবসময়।’

dhakapost

অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের এনএসডব্লিউ শাখার নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ডা. ফাইজুর রেজা ইমন, লিটন বাউল, ডা. ইকবাল হোসেন, ডা. সাজেদুর রহমান শাওন, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান শিপলু, দিদার হোসেন, জাকির আলম লেলিন, মুহায়মান খান মিশু, তাসবির হাসান অর্ক, তিশা তানিয়া, নাজিয়া মাহমুদ, মৌসুমী সাহা, মৌসুমী মন্ডল, শিকদার আহমেদ, ইফতি ওয়াসেতসহ আরও অনেকেই। 

এতে সিডনী থেকে নেতৃত্ব দেন কমিটির চালকের আসনে থাকা তালাত মাহমুদ ও সৈয়দ মুর্শেদ বাপ্পি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান সমন্বয়ক শাহে জামান টিটু এবং প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক নির্জন মোশাররফ।

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।