বিজ্ঞাপন

কুয়েতে বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবসের বর্ষপূর্তি উদযাপন

কুয়েতে বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবসের বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে কুয়েতের বাংলাদেশ দূতাবাস একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। 
বুধবার (২৬ নভেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানটি কুয়েত সিটির হোটেল মিলেনিয়ামে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ অব স্টাফ ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানপাওয়ার মেজর জেনারেল ফিরাস আদেল আল-শাহিন।

অনুষ্ঠানটিতে কুয়েতে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্যরা, কুয়েতের নাগরিক সমাজের প্রতিনিধিরা, প্রতিরক্ষা অ্যাটাশেরা, কুয়েতে অবস্থানরত বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, তার স্বাগত বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠনের ইতিহাস এবং এর ক্রম বিকাশ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় উন্নয়নে অবদান রাখা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করে চলছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।