পর্তুগালে কৃষিজমি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে বিক্ষোভ

বেইরা বাইশা অঞ্চলে প্রস্তাবিত মেগা সোলার বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরুদ্ধে পর্তুগালের রাজধানী লিসবনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন, স্থানীয় বাসিন্দা, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে শহরের কেন্দ্রস্থলে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নবায়নযোগ্য জ্বালানির নামে বড় আকারের সৌর প্রকল্পগুলো পরিবেশ, উর্বর কৃষিজমি ও গ্রামীণ জীবনের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিক্ষোভস্থলে অংশগ্রহণকারীদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। তারা স্লোগান দেন— ‘Mega Centrais Solares, Não!’ এবং ‘Verde que mata verde não é sustentável’ (যে সবুজ সবুজকে ধ্বংস করে, তা টেকসই নয়)।
বিক্ষোভকারীরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি প্রয়োজন কিন্তু প্রকৃতি ও জীবিকা ক্ষয় করে করা উন্নয়ন টেকসই নয়। তারা ছাদ, পরিত্যক্ত জমি বা কমিউনিটিভিত্তিক ছোট সৌর প্রকল্পকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন।
দেশটির সরকার জানিয়েছে, এসব প্রকল্প দেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্য পূরণ ও কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ। তবে পরিবেশবাদীরা সতর্ক করছেন, জ্বালানি রূপান্তরের নামে গ্রামীণ জনগণের ওপর চাপ দীর্ঘমেয়াদে নতুন সংকট সৃষ্টি করতে পারে।
এসএসএইচ