‘ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ’

সিলেট-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে। সোমবার ফ্রান্সে বসবাসরত সিলেট-১ আসনের প্রবাসী নাগরিকদের উদ্যোগে প্যারিসের অভারভিলা এলাকার একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন কাজী নজরুল সেন্টার প্যারিসের সাধারণ সম্পাদক নজমুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন প্যারিস মহানগর যুবদলের নেতা গিয়াস আল মামুন।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নান্টু দাশের সভাপতিত্বে এবং ফ্রান্স যুবদলের সহ-সভাপতি মির্জা খালেদ ও জুবের আহমদ এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমেদ বাপ্পির সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুক্তাদির বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এই আয়োজনের জন্য প্রবাসী নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনী প্রচারণা সভায় আরও বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, ফ্রান্স বিএনপির অন্যতম নেতা ইকবাল হোসেন আলী, ফ্রান্স বিএনপি নেতা আলতাফুর রহমান, ফ্রান্স জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, ফ্রান্স বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি রুবেল আহমেদ, ফ্রান্স বিএনপি নেতা মোজ্জাম্মিল আলী, মনোয়ার হোসেন মুজাহিদ, এনাম হোসেন, ফ্রান্স জাসাস-এর সাবেক সাধারণ সম্পাদক কবি সোহেল আহমদ, ফ্রান্স বিএনপি নেতা আব্দুর রব রানা, তাজুল আহমেদ, জাসাস ফ্রান্সের সদস্য সচিব মেহেদী হাসান রনি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন, মালেক আহমেদ, আব্দুল আহাদ, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি তুহিন রেজা, বাসিত হোসাইন, সোহাগ আহমেদ প্রমুখ।
এ ছাড়াও ফ্রান্স বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী সমর্থক সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আলতাফুর রহমান।
এনএফ