যুক্তরাজ্যে হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির সংবর্ধনা

হবিগঞ্জের কৃতী সন্তান, লেস্টার সিটির মিডফিল্ডার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরীর সম্মানে যুক্তরাজ্যে এক জমকালো সংবর্ধনা ও গালা ডিনারের আয়োজন করেছে ‘হবিগঞ্জ সোসাইটি ইউকে’। সম্প্রতি বার্মিংহামের একটি অভিজাত হলে প্রবাসীদের সর্ববৃহৎ এই আঞ্চলিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
তিন পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে হলজুড়ে ছিল উৎসবের আমেজ। হামজা চৌধুরীর বিভিন্ন ফেস্টুন ও ব্যানারে সজ্জিত হলটি সন্ধ্যা ৭টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হামজা চৌধুরী হলে প্রবেশ করলে ছোট ছোট শিশুরা বাংলাদেশের পতাকা নেড়ে তাঁকে স্বাগত জানায়। তাঁকে বরণ করে নেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক এম এ মুন্তাকিম, উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, শমশেদ বখত্ চৌধুরী ও কোষাধ্যক্ষ জিয়া তালুকদার।
সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টুর সভাপতিত্বে এবং উপদেষ্টা রানা মিয়া চৌধুরী ও কোষাধ্যক্ষ জিয়া তালুকদারের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মুফতি আব্দুল্লাহ চৌধুরী। স্বাগত বক্তব্যে সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক এম এ মুন্তাকিম তাঁর বক্তব্যে হামজা চৌধুরী ও তাঁর পরিবারের প্রতি বিশেষ ধন্যবাদ জানান এবং হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হামজা চৌধুরীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর হামজা চৌধুরী নিজে হবিগঞ্জের কয়েকজন বিশিষ্ট গুণীজনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। সাংবাদিকতা ও সাহিত্যে ৩০ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য মিডিয়া’ অ্যাওয়ার্ড প্রদান করা হয় বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদকে। এছাড়া ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক এ রহমান অলিকে ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
তৃতীয় পর্বে ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশন। এ সময় হামজা চৌধুরীর সঙ্গে ছবি তোলার জন্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী, এ রহমান অলি, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা এবং বার্মিংহামের প্রখ্যাত কণ্ঠশিল্পী সেবুল।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক হবিগঞ্জবাসী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এমএন