ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে লন্ডনে মাতৃভাষা দিবস পালিত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে বক্তারা বলেন, একুশ আমাদের অহংকার, একুশ আমাদের চেতনা। দেশে ও প্রবাসে বাংলা ভাষার গুরুত্ব অনুধাবন করতে না পারলে দেশপ্রেম জাগ্রত হয় না, আর দেশপ্রেম ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, প্রবাসে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির মাহাত্ম্য তুলে ধরতে হবে। তা না হলে একসময় সুদূর প্রবাসে বাংলা ভাষায় কথা বলার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিলেতে তরুণ প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে পর্যাপ্ত বাজেট ও সুযোগ-সুবিধা প্রদানের জন্য কাউন্সিল ও যথাযথ কর্তৃপক্ষের প্রতি তাঁরা আহ্বান জানান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই ছিল একুশের আলোচনা ও আবৃত্তি।
আলোচনা পর্বে অংশ নেন সাবেক স্পিকার আহবাব হোসেন, জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভির আহমদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের সহ-সম্পাদক এস কে এম আশরাফুল হুদা এবং কোষাধ্যক্ষ মির্জা আবুল কাসেম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী সাধারণ সম্পাদক আসমা মতিন, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, দিলু চৌধুরী, জামাল আহমদ খান, নাহিদ জায়গীরদার, ইউকেবিডিটিভির চেয়ারম্যান আব্দুল মোমিন এবং বাংলা সংলাপ ও জে টাইমস টিভির রিপোর্টার ইমরান তালুকদার প্রমুখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার ফাঁকে ফাঁকে প্রাণবন্ত কবিতা আবৃত্তি করেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কবি ইমদাদুন খানম, সহকারী সাধারণ সম্পাদক কবি আসমা মতিন, সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক কবি জান্নাতুল ফেরদৌস ডলি এবং সদস্য দিপা হক।
পরিশেষে সমবেত কণ্ঠে একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএন