বিজ্ঞাপন

ফ্রাঙ্কফুর্টের মাবিন মসজিদে মাসব্যাপী ইফতার-কুরআন প্রতিযোগিতা

ফ্রাঙ্কফুর্টের মাবিন মসজিদে মাসব্যাপী ইফতার-কুরআন প্রতিযোগিতা

রহমত, মাগফিরাত ও নাযাতের মহিমান্বিত মাস মাহে রমজান এখন বিদায়লগ্নে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান মাবিন মসজিদে মাসব্যাপী প্রতিদিন ইফতারের বিশেষ আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে প্রতিদিন অংশ নিয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ রোজাদার। বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে মাসজুড়ে এই ইফতার কর্মসূচি পরিচালিত হয়।

ইফতার আয়োজনের পাশাপাশি মাবিন বাংলা সেন্টারের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয়েছিল পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। এতে বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ (সার্টিফিকেট) বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– মাবিন বাংলা সেন্টারের পরিচালক ড. আবুল আমানুল্লাহ, সেভেন ডেজের স্বত্বাধিকারী কামাল ভূঁইয়া, সাংবাদিক হাবিবুল্লাহ আল বাহার, কমিউনিটি ব্যক্তিত্ব খালেদ মাহমুদ, হাদি খন্দকার, খতিব সাইফুল ইসলাম ও মিজানুর রহমানসহ অনেকে।

কুরআন নাজিলের মাসে মাবিন বাংলা সেন্টারের এমন মহতী উদ্যোগকে আগত অতিথি এবং অভিভাবকেরা সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে ভিনদেশি পরিবেশে বেড়ে ওঠা শিশু-কিশোরেরা ইসলামী সংস্কৃতির প্রতি আরও বেশি আকৃষ্ট হবে।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।