বিজ্ঞাপন

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদুল ফিতর উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শতভাগ মুসলিম দেশ মালদ্বীপেও আজ (২০ মার্চ) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের এই অনাবিল আনন্দে শামিল হয়েছেন সেখানে কর্মরত হাজারো প্রবাসী বাংলাদেশি।

আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় মালদ্বীপের বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী মালেতে ঈদের প্রধান ও বৃহত্তম জামাতটি অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে।

এছাড়া জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মস্ক) ও মসজিদুল আল-সালমান মসজিদেও সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিদেশের মাটিতে দেশীয় আমেজ ফুটিয়ে তুলতে প্রবাসী বাংলাদেশিরা এদিন ঐতিহ্যবাহী পায়জামা-পাঞ্জাবি পরে দলবদ্ধভাবে নামাজ আদায় করতে যান। মালে’র নুরু মিসকিন, ইব্রাহিম মিসকিন ও হুকুরু মিসকিনসহ বিভিন্ন মসজিদে প্রবাসীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঈদুল ফিতর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে আয়োজন করা হয় হরেক রকমের দেশীয় খাবারের। নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে রাজধানী ও পার্শ্ববর্তী দ্বীপ হুলেমালে ঘুরে ঈদের আনন্দ উপভোগ করেন। মুঠোফোনে দেশে থাকা স্বজনদের সঙ্গে ভাগ করে নেন ঈদের শুভেচ্ছা।

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানসহ বাংলাদেশি কমিউনিটির নেতারা, ব্যবসায়ী প্রতিনিধি, ডক্টরস প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের শীর্ষ কর্মকর্তারা।

বিআরইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।