বিজ্ঞাপন

এথেন্সে বাংলাদেশ দূতাবাসে ‘গণহত্যা দিবস’ পালিত

এথেন্সে বাংলাদেশ দূতাবাসে ‘গণহত্যা দিবস’ পালিত

যথাযোগ্য মর্যাদা, শোক ও গভীর শ্রদ্ধার সঙ্গে গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসে ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ২৫ মার্চের কালরাত্রিতে নিহত সব শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। শহীদদের স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। এরপর ‘২৫ মার্চ একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটিতে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহতা, নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বর হত্যাযজ্ঞ এবং বধ্যভূমিগুলোর নির্মম ইতিহাস তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে আবেগাপ্লুত ও আলোড়িত করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।