দুবাই কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন। পতাকা উত্তোলন শেষে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষ্যে কনস্যুলেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
আলোচনা পর্বে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা স্বাধীনতা যুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি প্রবাসীদের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
বিজ্ঞাপন
এমএসএ